৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখেন ৭৬০ কোটি

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

মাত্র ৩ হাজার টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭৬০ কোটি টাকা দেখে বিস্মিত হন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক গৃহবধূ। অস্বাভাবিক এই ব্যালেন্স দেখে আতঙ্কিত হয়ে তিনি ও তার পরিবার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ, আর ব্যাংক বলছে এটি কারিগরি ত্রুটির ফল হতে পারে।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের ব্যাংক অ্যাকাউন্টে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত শনিবার চেন্নাই থেকে শরিফা খাতুনের দেবর তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠান। সেই টাকা তুলতে গিয়ে ব্যালেন্স পরীক্ষা করে তিনি দেখেন, তার অ্যাকাউন্টে ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা প্রদর্শিত হচ্ছে।

একটি সাধারণ সঞ্চয়ী হিসাবের বিপরীতে এমন বিপুল অঙ্কের অর্থ দেখে শরিফা খাতুন ও তার পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। কোনো ধরনের জটিলতা এড়াতে তারা দ্রুত লালগোলা থানায় লিখিত অভিযোগ করেন এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন।

ব্যাংকের পক্ষ থেকে শরিফা খাতুনকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সোমবার সংশ্লিষ্ট শাখায় উপস্থিত হতে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিকভাবে ব্যাংকিং সংশ্লিষ্টদের ধারণা, এটি বড় ধরনের সফটওয়্যার বা কারিগরি ত্রুটির ফল হতে পারে। অনেক সময় সিস্টেমজনিত সমস্যার কারণে লেনদেনের তথ্য বা অন্য কোনো কোড ভুলভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স হিসেবে প্রদর্শিত হয়। ব্যাংকের তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

এর আগেও পশ্চিমবঙ্গে একই ধরনের কয়েকটি ঘটনা সামনে এসেছে। কোচবিহারে এক ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় একই পরিমাণ অর্থ দেখানোর ঘটনা ঘটে। এছাড়া দুর্গাপুরের জটেশ্বর এলাকার এক গৃহবধূর অ্যাকাউন্টেও প্রায় ৭৪০ কোটি টাকা ব্যালেন্স প্রদর্শিত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত