প্রধানমন্ত্রীর ভায়রা নিউমোনিয়ায় আক্রান্ত

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:৫২ এএম

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভায়রা এয়ার কমোডর (অব.) সৈয়দ শফিউজ্জামান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন। এখন তার অবস্থা উন্নতির দিকে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন। 

বিএমইউ'র ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী'র তত্ত্বাবধানে চিকিৎসাধীন শফিউজ্জামানের চিকিৎসায় বিএমইউ চিকিৎসকদের সমন্বয়ে ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

বোর্ডের এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, গত বৃহস্পতিবার সকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে বিএমইউ হাসপাতালে আসলে সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়।  হাসপাতালের ভিসি তার চিকিৎসায় ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছেন। বোর্ডের চিকিৎসকদের পরামর্শে শফিউজ্জামানের চিকিৎসা চলছে। এখন তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে এখনো শঙ্কামুক্ত নন।

তিনি বলেন, শফিউজ্জামানের শ্যালিকা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বোর্ডের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। পাশাপাশি কয়েকবার হাসপাতালে গিয়ে তার দুলাভাইকে দেখে এসেছেন। 

তিনি আরও বলেন, শফিউজ্জামানের গুরুতর অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী তারেক রহমান উদগ্রীব ছিলেন। তিনি গত শনিবার হাসপাতালে আসতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে যাওয়া থেকে বিরত থাকেন।
বোর্ডের ঐ সদস্য বলেন, ৭৫ বছর বয়সী শফিউজ্জামানের সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা তার শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। 

উল্লেখ্য সৈয়দ শফিউজ্জামানের গ্রামের বাড়ি জামালপুরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত