ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি গতকাল সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব ছেড়েছেন। মেয়র পদে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
গতকাল বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায়ের কথা জানান সাদিক কায়েম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে।’
এদিকে শিবিরের পদ ছাড়লেও এখনো আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম। দলটির ঢাকা মহানগর দক্ষিণের একাধিক নেতা দেশ রূপান্তরকে ৎজানিয়েছেন, ছাত্রত্ব শেষ হওয়ায় ছাত্রশিবির ছেড়েছেন সাদিক। খুব শিগগিরই মহানগর দক্ষিণ জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন জুলাই আন্দোলনের অন্যতম এ নেতা। পরে জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত মাসে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম ঠিক করা হয়। তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক জামায়াত নেতা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিশে শুরার বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
বিদায় নিলেন শিবিরের আরও ৮ নেতা : সাদিক কায়েম ছাড়াও শিবিরের কেন্দ্রীয় কমিটির আট নেতা সংগঠন থেকে বিদায় নিয়েছেন। তারা হলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।