রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

রংপুরে রাস্তা পাড়াপাড়ের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় অরুন বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ণ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অরুন বালা গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের তর বাসুর স্ত্রী। এ ঘটনায় চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মডার্ণ মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক পাড় হচ্ছিলেন অরুন বালা। এ সময় ঢাকা ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন অরুন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পথেই অরুন বালার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক মোরসালিন মিয়া ও হেল্পার আবু বক্করকে আটক করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত