লালমোহনে মাদকসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ এএম

ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দেবীরচর এলাকায় মো. মনির হোসেনের ভাড়া বাসায় অভিযান চালায়।

অভিযানকালে মাদক কারবারের অভিযোগে মো. মনির হোসেন (২৮), মো. রবিউল (১৯), আল-আমিন মেলকার (২৫), মো. হাসান (২৪) ও মো. রাকিব (২৬)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা সবাই উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

লালমোহন থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত