স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

নার্স নেতা শরিফুল ও জুয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম

নার্সিং খাতে দুর্নীতি, বদলি-পদায়ন বাণিজ্য, প্রশিক্ষণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি মো. শরিফুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েলের বিরুদ্ধে অভিযোগ যাচাই করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা সিদ্দিকীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে এ নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মিনহাজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের জন্য প্রস্তাবিত ক্যারিয়ার প্ল্যান-২০২৬ অনুমোদনের লক্ষ্যে গত ১৯ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে আমন্ত্রণ না জানিয়ে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি ও মহাসচিবকে আমন্ত্রণ জানানো হয়। এর প্রতিবাদে ন্যাব বেশ কয়েকটি অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের কাছে লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে জাহানারা সিদ্দিকীর লিখিত অভিযোগও সংযুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, গত ১৭ বছর ধরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে একটি প্রভাবশালী সিন্ডিকেট বদলি, পদায়ন, প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন আসাদুজ্জামান জুয়েল ও শরিফুল ইসলাম। আওয়ামী লীগ-সমর্থিত এই চক্র এখনো সক্রিয় থাকায় সাধারণ নার্সদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

অভিযোগে বলা হয়, মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল আওয়ামী লীগ-সমর্থিত পেশাজীবী সংগঠন স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) যুগ্ম মহাসচিব। তিনি ২০১৭ সালের পিএসসি আয়োজিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলার আসামি। পঙ্গু হাসপাতালে কর্মরত অবস্থায় রোগী প্রাইভেট হাসপাতালে পাঠানোর একটি সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ২০১৮ সালের সংসদ নির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে দায়িত্ব পালন এবং বিএনপিপন্থি নার্সদের হয়রানি, হুমকি এবং ঢাকার বাইরে বদলি করার অভিযোগও আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত