দেশের একটি বড় অংশের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মূলত পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই বৈরী বাতাস ও বৃষ্টিপাত আঘাত হানতে পারে।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের পর থেকে আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে মৃদু বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।
এদিকে সারা দেশের আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানেও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে, যার প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।