আট পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৫৩ এএম

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মান পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আটটি ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল সোমবার বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিএসটিআই জানায়, পরীক্ষায় বিভিন্ন পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবদেহের জন্য ক্ষতিকর অনুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের ব্যত্যয় ধরা পড়েছে। এর মধ্যে ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে (ব্যাচ নম্বর-এফজিএমপি২০০জি০৪২৬) মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে।

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বেলিসিমো ব্র্যান্ডের রোটন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে (ব্যাচ নম্বর-২৬০৫০১০১এ) বাংলাদেশ মানের তুলনায় মোট দুধের চর্বিবিহীন কঠিন উপাদান (টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট) নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। 

এ ছাড়া অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, এলোভেরা স্কিন লোশন, অলিভ ও লাবণ্য ব্র্যান্ডের মরিঙ্গা ও ম্যাচা ফেসওয়াশ, ফোমিং মিল্ক ও তুলসী ফেসওয়াশ এবং লাবণ্য ব্র্যান্ডের এলোভেরা শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অনুজীব শনাক্ত হয়েছে।  অন্যদিকে ডেকো ফুডস লিমিটেডের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের আম ও কমলা স্বাদের কোমল পানীয়ের গুঁড়া (ব্যাচ নম্বর-১৩৩) পণ্যে বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে কম ভিটামিন ‘সি’ পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এরই মধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতার কাছ থেকে দ্রুত এসব পণ্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়ন নিবিড়ভাবে তদারকি করা হবে। নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বিএসটিআইর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনগণ যাতে মানসম্মত পণ্য ব্যবহার করতে পারে, সে বিষয়ে বিএসটিআই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ক্রেতাদের পণ্য কেনার আগে বিএসটিআইর মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেন। পাশাপাশি কোনো পণ্যের মান, ভেজাল বা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার সম্পর্কে অভিযোগ থাকলে দ্রুত সংস্থাটিকে জানাতে আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত