প্রবাসী কার্ডে বিমান ভ্রমণ ও হোটেলে মিলবে বিশেষ সুবিধা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হতে যাওয়া প্রবাসী কার্ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, অগ্রাধিকারভিত্তিক চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন সুবিধা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা সহজ করতে শাটল বাস সার্ভিসও চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিমানবন্দরে অগ্রাধিকারভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধাও চালু করা হবে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে থাকা প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার বিষয়গুলো সভায় আলোচনা করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং দুই মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত