পোকার টেবিলে নেইমার, তাকে ছাড়াই জিতলো সান্তোস

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

কনমেবল সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার ঠিক আগমুহূর্তে খেলার মাঠ ছেড়ে পোকার টেবিলে দেখা মিলল ব্রাজিলিয়ান তারকা নেইমারের। দলের সাথে ভেনেজুয়েলা সফরে না গিয়ে এই সময়টুকু নিজের অন্যতম প্রিয় শখ—পোকার খেলে কাটিয়েছেন তিনি।

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নেওয়া ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারকে মাঠের বাইরে রেখেও দুর্দান্ত পারফর্ম করেছে তাঁর দল সান্তোস। তারকা ফরোয়ার্ড নেইমার ও গাবিগোলকে ছাড়াই কনমেবল সুদামেরিকানার প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়ার এস্তাদিও পলিদেপোর্তিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে স্বাগতিক ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে (ইউসিভি) ৪-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোয় ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে দলটি।

কোচিং স্টাফের সিদ্ধান্তে 'ইউনিভার্সিদাদ সেন্ট্রাল (ইউসিভি)'-এর বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল নেইমারকে। বিশেষ করে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর এই তারকাকে বাড়তি চাপ না দিয়ে বিশ্রাম দেওয়া হয়। আর সেই সুযোগেই বন্ধুদের সাথে ব্রাজিলের স্থানীয় এক পোকার টুর্নামেন্টে অংশ নেন সান্তোসের এই ১০ নম্বর জার্সিধারী।

সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের 'গোল্ডেন হল'-এ আয়োজিত ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্বে অংশ নেন নেইমার। এই টুর্নামেন্টটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে, যেখানে আগামী দিনগুলোতেও নেইমারকে আবার দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এটিই প্রথম নয়, গত বছরও (২০২৫ সালে) একই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সান্তোস তারকা। সেবার বেশ নজরকাড়া পারফর্ম করে প্রায় ৫৩,৫০০ ব্রাজিলিয়ান রিয়াল প্রাইজমানি পকেটে পুরেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত