দাউদকান্দির সরকারি ‘পায়রা ভবন’ উধাও!

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

কুমিল্লার দাউদকান্দি  উপজেলার পরিষদের পুরনো একটি ভবন নিলাম ছাড়াই ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা ভেঙে নিয়েছে তা জানেন না উপজেলা প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন ‘পায়রা’ নামে পাঁচ কক্ষের আড়াইতলা ওই ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মিত হয়েছিল আশির দশকের শেষ দিকে। ২৪ জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে ভবনটির বাইরের অংশে দরজা জানালা ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত ছিল। কয়েকদিন আগে ভবনটি উধাও বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।  

গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,  দ্বিতল ভবনটির নিচতলার কয়েকটি ভাঙা দেওয়াল ছাড়া ছাদের কোনো অস্তিত্ব নেই। কে বা কারা এ ভবনটি ভেঙে ইট-সুরকি নিয়ে গেছে এ বিষয়ে কেউ কোনো কিছুই জানেন না।

স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের বাউন্ডারির ভেতরে একটি ভবন ভেঙে নিয়ে গেছে, কেউ জানে না, এটা কী করে সম্ভব। ভবন ভাঙতে নিশ্চয় বেশ কয়েক দিন সময় লেগেছে, তবু কেউ দেখেননি এটা ভাবা যায়!

উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, গত বছরের মার্চ মাসে ভবনটি পরিত্যক্ত ঘোষণা এবং নিলামে বিক্রয়ের জন্য একটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। নিলাম করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  এর মধ্যে কে বা কারা ভবনটি ভেঙে নিয়ে গেছে তা জানি না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, বিষয়টি আমি বিলম্বে অবগত হয়েছি। জনৈক এক ঠিকাদার কিছু মালামাল নিয়েছে বলে শুনেছি। তবে ভবনটি কে বা কারা ভেঙে নিয়ে গেছে পুরো বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত