সন্দ্বীপ থেকে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

চট্টগ্রামের সন্দ্বীপ থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার আনিশা (১২) কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আনিশার বাবা শাহাদাত।

এর আগে গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সন্দ্বীপ আনন্দ পাঠশালা স্কুলের গেট থেকে আনিশা নিখোঁজ হয়। সে সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলী বাজার এলাকার ব্যবসায়ী শাহাদাতের মেয়ে এবং আনন্দ পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায় আনিশাকে তাদের বাড়ির পাশের একটি মুরগির খামারে কর্মরত এক যুবকের সঙ্গে স্কুল গেট থেকে বের হতে। ওই যুবকের বাড়ি রংপুরে। পারিবারিক পরিচয়ের কারণে অতীতেও জরুরি প্রয়োজনে তার মাধ্যমে আনিশাকে স্কুল থেকে আনা হয়েছিল।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দ্বীপ থানা পুলিশ অটোরিকশার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়, ওই যুবক আনিশাকে নিয়ে সেদিনই সন্দ্বীপ ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণকারী মেয়েটিকে কোনো ওষুধ প্রয়োগ করে অস্বাভাবিক অবস্থায় সীতাকু-ের কুমিরা হয়ে কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা বাজার এলাকায় নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়েটির স্বাভাবিকতা ফিরে এলে সে কান্নাকাটি শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে অপহরণকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে মেয়েটির পরিচয় জানতে পারেন এবং তার বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের ব্যবস্থা করেন। খবর পেয়ে আনিশার বাবা শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আনিশাকে উদ্ধার করে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত