বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ এএম

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর কয়েকটি পৃথক অপচেষ্টা হয়েছে, যা সফলভাবে ঠেকানোর কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, একই সঙ্গে এ ধরনের সম্ভাব্য ‘পুশইন’ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারিসহ টহল কার্যক্রম জোরদার করেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফের সাতজনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে।

বিজিবি জানায়, গতকাল শুক্রবার সকালে চাড়ালডাঙ্গা সীমান্তের সীমান্ত পিলার নম্বর ২১৯/২৪ এর কাছে বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশের ভেতরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে তাদের দেখতে পায়। এ সময় ওই সাতজনকে বাংলাদেশে ঢুকতে বাধা দিয়ে কাছের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতে পাঠানো হয়।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদারসহ নজরদারি কার্যক্রম বাড়ানা হয়েছে।

কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ আটজনকে অবৈধভাবে বাংলাদেশ ভূখ-ে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে ৪৭ বিজিবির অধীনস্থ জয়পুর বিওপির নিকটস্থ ১৫২/১-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় ভারতীয় ১৪৬ বিএসএফের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজনকে নদীপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সেখানে বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং অনুপ্রবেশে চেষ্টাকালে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত