বিপিএএমইএর নির্বাচন ১ আগস্ট, ঐক্য পরিষদের ১১ দফা নির্বাচনী অঙ্গীকার

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১১:৪১ পিএম

বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের মধ্যে। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চল থেকে পাঁচজন পরিচালক নির্বাচিত করতে ভোট দেবেন সদস্যরা।

শনিবার (২৫ জুলাই ) রাতে রাজধানীর একটি হোটেলে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে ঐক্য পরিষদের প্যানেল লিডার মো. শাহরিয়ার তার প্যানেলের ১১ দফা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার বলেন 'গত নির্বাচনে আমরা ২১ দফা প্রতিশ্রুতি দিয়েছিলাম তারমধ্যে ২০ টি প্রতিশ্রুতি সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছি। এজন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবার প্রতি আমারা কৃতজ্ঞতা জানাই।'

তিনি বলেন, 'আগামী নির্বাচনেও আপনারা আমাদের প‍্যানেলের ২১ টি পদে (টেকনিক্যালি ২৬ টি পদে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন, এজন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, বায়লার সভাপতি আবরার হোসাইন সায়েম এবং বিপিজিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, আব্দুল কাদের খান ও মোয়াজ্জেম হোসেন মতি, উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিকেএমইএর পরিচালক ইমরান কাদের তুর্য এবং বিজিবিএর সহসভাপতি মো. রোমান মিয়া।

ওই অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতি কাজী ফাহাদ বলেন, সমিতির নাম পরিবর্তন করে বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিএএমইএ) রাখা হয়েছে। কারণ, সদস্যপ্রতিষ্ঠানগুলো এখন শুধু পোশাকশিল্প নয়, সব ধরনের শিল্পের জন্য প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য উৎপাদন করছে। তাই সংগঠনের নাম থেকে ‘গার্মেন্টস’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ ১ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে দুটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। ঢাকার ভোটকেন্দ্র রাখা হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), হল-৫ এবং চট্টগ্রামের ভোটকেন্দ্র রাখা হয়েছে বিজিএমইএ অডিটোরিয়াম, বিজিএমইএ ভবন, দক্ষিণ খুলশীতে। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ে ভোটার কার্ডসহ ভোটকেন্দ্রে উপস্থিত থাকার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন বোর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত