যুবককে তুলে নিয়ে রডের ছ্যাঁকা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ এএম

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না পেয়ে সজীব মিয়া নামে এক যুবককে বাজার থেকে তুলে নিয়ে রডের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই যুবকের শরীরে গরম লোহার রডে অন্তত শতাধিক ছ্যাঁকা দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, জনতার হাতে আটক হত্যা মামলার আসামি এমন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এখন পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে। গত মঙ্গলবার রাতে তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে নির্যাতনে শিকার সজীবের মা খালেদা আক্তার বাদী হয়ে গত শুক্রবার রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি চাঁদা দাবির অভিযোগ এনেছেন। সজীব তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি দেওচালা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি একটি দোকানে ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তিনি আসামি হয়েছিলেন। অভিযুক্ত শ্রমিক দল নেতার নাম মো. শরীফুল ইসলাম সরকার। তিনি গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য। সজীব মিয়ার বাবা কফিল উদ্দিন বলেন, গত মঙ্গলবার রাতে শ্রমিক দল নেতা শরীফ ও তার লোকজন মিলে আমার ছেলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাদের মধ্যে বাগবিত-া হয়। সজীব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাকে তুলে নিয়ে আটকে রেখে শরীরে গরম রডের ছ্যাঁকা দেয়। ছেলের সারাটা শরীর পুড়িয়ে দিয়েছে। আমার ছেলে কোনো রাজনীতি করে না। তবুও হত্যা মামলার আসামি বলে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। না প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, মারধরের পর পুলিশ ডেকে সজীবকে ধরিয়ে দেওয়া হয়। শরীফ এ অঞ্চলের একজন মাফিয়া। ওই দিনও চরম নির্যাতন করা হয় সজীবের ওপর।

অভিযুক্ত শরীফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়রা সজীবকে আটক করে পুলিশে দিয়েছে। আমি অনেক পরে খবর পেয়েছি। সজীব মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। তাকে আমার লোকজনের মারধর ও চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত