চসিক মেয়র বললেন

পরিচ্ছন্নতা একটি জীবনাচরণ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম

শুধু সরকারি উদ্যোগ বা সিটি করপোরেশনের চেষ্টায় একটি শহরকে পুরোপুরি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শহর পরিষ্কার রাখতে নাগরিকদের নিজস্ব দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতা কোনো সাময়িক অভিযান নয়, এটি প্রতিদিনের চর্চা। এটি একটি জীবনাচরণ। তিনি বলেন, সচেতনতার এই সংস্কৃতি শুরু হতে হবে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। এ জন্য নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার তাগিদ দেওয়ার পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজের ঘর, ছাদ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান।

ভবিষ্যৎ প্রজন্মকে পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে মেয়র জানান, চসিকের আওতাধীন বিদ্যালয়গুলোতে ‘স্কুল হেলথ স্কিম’ চালুর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নির্ধারিত স্থানে ময়লা ফেলার নিয়মকানুন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস শেখানো হচ্ছে।

নগরীকে পরিবেশবান্ধব ও নিরাপদ করতে বেশ কিছু বড় প্রকল্পের তথ্য তুলে ধরে মেয়র ডা. শাহাদাত বলেন, কোরিয়া, চীন, যুক্তরাজ্য ও জাপানের সহযোগিতায় বর্জ্য থেকে বায়োগ্যাস, বিদ্যুৎ এবং গ্রিন ডিজেল তৈরির কাজ চলছে। পাশাপাশি হালিশহর ও আরেফিন নগরের ল্যান্ডফিল দুটিকে পরিবেশবান্ধব করতে প্রায় দেড় হাজার কোটি টাকার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত