স্থানীয় জনতা ও বিজিবির কঠোর অবস্থানের কারণে দিনাজপুরের বিরামপুর ও ফেনীর ফুলগাজীতে ব্যর্থ হয়েছে বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা। গতকাল শনিবার জেলা দুটির সীমান্ত দিয়ে বিএসএফ ১৬ জনকে পুশইনের চেষ্টা করে। প্রতিনিধিদের পাঠানো খবর
বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত করে ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোরে ভারতীয় সীমান্ত থেকে ৮ নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।
তিনি বলেন, বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি গ্রামপুলিশ, আনসার ও এলাকাবাসী হাতে লাঠি নিয়ে সীমান্ত প্রহরায় রয়েছে।
ফুলগাজী (ফেনী) : ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়। গতকাল শনিবার ভোরে সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ছয় নারী ও এক শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়।