দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৬১৩ এবং হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল ৬৯১ জন। এ নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮১৬ শিশু। এর মধ্যে হামে ৯৫ ও উপসর্গে ৭২১ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৩৮ হাজার ৩৫ শিশু। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ২২ হাজার ৭৬৩ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫ হাজার ২৯৮ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ এক হাজার ৫৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪৫ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৪০ জন।