ভেড়ামারায় সাবেক পৌর মেয়র টুটুলের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও দল থেকে সদ্য পদত্যাগ করা জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রক্তাক্ত জখম টুটুলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।

হামলায় টুটুলের সঙ্গে থাকা স্থানীয় বিএনপি নেতা ৪ নং পৌর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন এবং নুরু নামে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারুল কবির টুটুল গত মাসের শেষদিকে তার রাজনৈতিক দল জাসদের সব পদ থেকে পদত্যাগ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।  

হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারুল কবির টুটুল অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘সোহাগের নেতৃত্বে সিজার, খোকন নেংরা (নওদাপাড়া), রুম্মন ও রুমনসহ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ আমাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আমি আত্মরক্ষার চেষ্টা করলে সিজার চাপাতি দিয়ে আমাকে কোপাতে থাকে। আমার সঙ্গে থাকা দুলাল চাচা ও নুরু ভাইও হামলায় আহত হয়েছেন।’

টুটুলের অভিযোগ, ‘ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে এরা ভেড়ামারায় সাধারণ মানুষকে নির্বিচারে অত্যাচার করে চলেছে। সোহাগ গং দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা,  চাদাবাজি, খুন জখমের মতো নানা অপরাধে জড়িত। এরা পতিত ফ্যাসিবাদ সরকারের প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকেও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সেই একই কাজ করছে বর্তমান সরকারের নেতাদের ছত্রছায়ায়’।

তবে টুটুলের অভিযোগ নাকচ করে ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ বলেন, “এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ কোনোভাবেই জড়িত নই। শহরের জলাবদ্ধতা, যানজট নিরসন এবং মাদকমুক্ত সমাজ গড়তে আমি কাজ করে যাচ্ছি। পৌর মেয়র প্রার্থী হিসেবে আমার জনপ্রিয়তা দেখে রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে এসব অপপ্রচার চালাচ্ছে।’

হামলার শিকার টুটুলের ছোটভাই শিমুল হোসেন অভিযোগ করে বলেন, ‘আগে থেকেই এই হুমকি ভাইয়ের উপর ছিল। ওরা বলেছিলÑ জাসদের কোনো নেতাকে আর ভেড়ামারায় নির্বাচন করতে দেওয়া হবে না। সে কারণে ভাই গত ২৯ জুন এক সংবাদ সম্মেলন করে তার নিজ রাজনৈতিক দল জাসদের সব পদ থেকে পদত্যাগ করেন, যাতে নিরপেক্ষ প্রার্থী হিসেবে আগামীতে জনগণের পাশে থেকে নাগরিক ও সামাজিক জীবনের উন্নয়নে কাজ করে যেতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত দলত্যাগ করেও হুমকিদাতাদের হামলা থেকে রেহাই পেলেন না। তাদের হামলার ধরন দেখেই মনে হচ্ছে আনোয়ারুল কবির টুটুলকে কেবল পৌরসভা থেকে নয় বরং দুনিয়া থেকেই বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে। আমি অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি’। ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ‘সাবেক পৌর মেয়রের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। কী কারণে কারা এই হামলা করেছে তা শনাক্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত