ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে এনপিএতে মেঘমল্লার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করে ‘নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন’ (এনপিএ) দলে যুক্ত হয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করে নতুন দলে যোগ দেন। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ দুজনের পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

মেঘমল্লার বসু গতকাল শনিবার গণমাধ্যমকে বলেন, দুটি সংগঠনে একসঙ্গে নীতিনির্ধারণী ফোরামে থাকা সমীচীন নয়। তাই ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি এবং মাঈন আহমেদ এনপিএতে কাজ করবেন।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ ঘটে চলতি বছরের শুরুতে। প্ল্যাটফর্মটির সদস্য হিসেবে সে সময় ৯৯ জনের নাম ঘোষণা করা হয়। ওই প্ল্যাটফর্মের সঙ্গে মেঘমল্লারের নাম জড়িত থাকার খবর তখনই সামনে এসেছিল। এবার তিনি নিজেই জানিয়েছেন, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে এনপিএতে যোগ দিয়েছেন তিনি।

ছাত্র ইউনিয়নের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে ‘সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি’ হতে পারে। এ বিবেচনায় তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্র ইউনিয়ন জানিয়েছে, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির পরিপন্থী।

এর আগে মেঘমল্লার বসু ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত