বক্তা হিসেবে রিও প্রযুক্তি সম্মেলনে বিশ্বকাপ মাতানো ভোজিনহা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

২০২৬ বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহার সাফল্যের রেশ এখনো কাটেনি। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে নতুন এক ইতিহাস গড়া এই গোলরক্ষক এবার নাম লেখাতে চলেছেন প্রযুক্তি ও উদ্ভাবনের আন্তর্জাতিক মঞ্চে।

রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হতে যাওয়া বৃহৎ সম্মেলন 'রিও ইনোভেশন উইকে' বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। আগামী ৫ আগস্ট মূল প্লেনারিতে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের চড়াই-উতরাই ও অনুপ্রেরণাদায়ক গল্প শোনাবেন তিনি।

ভোজিনহার অংশগ্রহণ নিয়ে আয়োজকরা ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা থেকে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলনের মঞ্চে পা রাখছেন ভোজিনহা। আগামী ৫ আগস্ট রিও ইনোভেশন উইকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সেই দীর্ঘ ও অনুপ্রেরণাদায়ক গল্প শোনাবেন তিনি। ক্যারিয়ার, নেতৃত্ব, তীব্র চাপ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সাম্প্রতিক ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তগুলো পার করার অভিজ্ঞতা নিয়ে এক চমৎকার আলোচনা হবে।’

চলতি বিশ্বকাপের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোজিনহার অনুসারী সংখ্যা ৫০ হাজারের কোঠাও স্পর্শ করেছিল না। তবে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স এবং তার জীবনসংগ্রাম বিশ্ববাসীর সামনে আসার পর থেকেই যেন তার ডিজিটাল দুনিয়ায় ঝড় ওঠে। মাত্র এক মাসের ব্যবধানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩ কোটিতে (২৯.৫ মিলিয়ন), যা শতকরা হিসেবে প্রায় ৬৫ হাজারের বেশি। এই আকাশচুম্বী সাফল্যের সুবাদে থিবো কোর্তোয়া, ম্যানুয়েল নয়্যার, এমিলিয়ানো মার্তিনেজ কিংবা ইকার ক্যাসিয়াসের মতো বিশ্বসেরা তারকাদের পেছনে ফেলে ইনস্টাগ্রামের ইতিহাসের সবচেয়ে বেশি অনুসারী থাকা গোলরক্ষকের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

ডিজিটাল মাধ্যমের এই আলোড়নের পাশাপাশি ফুটবলীয় ক্যারিয়ারেও নতুন মোড় এসেছে তার। পর্তুগিজ ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট থাকা ভোজিনহা বিশ্বকাপের পারফরম্যান্সের সুবাদে ভক্তদের ভোটে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান। আর এর রেশ ধরেই দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ক্লাব চিলির কোলো-কোলোর সঙ্গে দেড় বছরের চুক্তিতে সই করেছেন এই তারকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত