পদত্যাগী রাষ্ট্রপতির গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

সদ‍্য পদত্যাগী রাষ্ট্রপতির গ্রেপ্তার প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার জনদাবিকে গুরুত্ব দেবে, তবে কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হতে দেবে না।

রবিবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১,১০০ নবীন আইনজীবীর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দাবিগুলো সরকার আইন অনুযায়ী যাচাই-বাছাই করবে। তিনি বলেন, জনদাবিকে গুরুত্ব দেব, একই সঙ্গে কেউ যেন অন্যায়ের শিকার না হন, সেটিও নিশ্চিত করা হবে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে সরকার যথাসময়ে সিদ্ধান্ত নেবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

পদত্যাগী রাষ্ট্রপতির বিদেশে চিকিৎসার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আছে কি না-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এবং রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে এ ধরনের তথ্য প্রকাশ করা যায় না। প্রয়োজন হলে যথাসময়ে জানানো হবে।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, যে কেউ দাবি জানাতে পারে। তবে সেসব দাবি কতটা যৌক্তিক, তা সরকার আইন অনুযায়ী পর্যালোচনা করবে।

চব্বিশের আন্দোলন-সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি নিয়ে ভুক্তভোগীদের অসন্তোষের বিষয়ে তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বাইরে থাকা মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

মিথ্যা মামলার অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার বিষয়গুলো যাচাই করছে। তিনি জানান, ফৌজদারি কার্যবিধিতে ১৭৩(এ) ধারা সংযোজন করে আইন পাস করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারের সময়ে পুলিশ বাদী হয়ে মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের ঘটনা ঘটেছে কি না-এমন তথ্য থাকলে তা সরকারকে জানাতে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন ও সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত