রাজধানীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

রাজধানীর হাতিরঝিলে সিএনজি অটোরিকশার ধাক্কায় শেখ জায়েদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আলআমিন ভুবন (২১)।

রবিবার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে জায়েদকে মৃত ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রবিন জানান, পুলিশ প্লাজার পেছনে একটি মোটরসাইকেলের পাশে দুজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জায়েদকে মৃত ঘোষণা করেন।

আহত আলআমিন ভুবন জানান, মোটরসাইকেলটি তার নিজের। দুপুরে তিনি জায়েদকে নিয়ে মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছিলেন। পথে পুলিশ প্লাজার পেছনের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

নিহত জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাদের বাড়ি রামপুরার টিভি সেন্টার মুক্তি মসজিদ গলিতে। তাদের বাবার নাম জামিল শেখ। জায়েদ বেকার ছিলেন। দুপুরে তিনি জানতে পারেন, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত