দুই সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে পুশইনের চেষ্টা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। গতকাল রবিবার ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে স্থানীয় জনতা এবং বিজিবির কঠোর অবস্থানে তাদের চেষ্টা ব্যর্থ হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারী ও তিন শিশুসহ চারজনকে প্রতিহত করেছে বিজিবি। গতকাল সকালে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন সালদানদী বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল এক নারী ও তিন শিশু সালদানদী সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার (জিরো লাইন) কাছে তাদের দেখতে পায়। পরে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ফেনী : ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এক নারী ও তিন শিশুসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে অবৈধভাবে অনুপ্রবেশের এই চেষ্টা রুখে দেয় বিজিবি। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে এক নারী ও তিনজন শিশুসহ চারজনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কেতরাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা তাদের প্রতিহত করেন।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার একই উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে ছয় নারী ও এক শিশুকে প্রতিহত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত