জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

২০২৫ সালে আয়ের চেয়ে বেশি টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি (জাপা)। জাপার গত বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। গতকাল রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে দলের এই হিসাব জমা দেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের দলের আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। আয়ের চেয়ে ৫ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি খরচ হয়েছে। তিনি আরও জানান, ২০২৪ সালে স্থিতিসহ ব্যাংকে জমা ছিল ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। ২০২৫ সালের খরচ শেষে এখন ব্যাংকে জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা। এ বছর নির্বাচন হওয়ায় খরচ বেশি হয়েছে বলে জানান রেজাউল ইসলাম ভূঁইয়া।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাদের দল সমর্থিত প্রার্থী থাকবেন বলে জানান রেজাউল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ নেই। তারপরও দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে থাকে না, সমর্থন করে থাকে। গতবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী দিলেও এবার তাদের প্রার্থীরা যার যার মতো অংশ নেবেন এবং এতে দলের সমর্থন থাকবে।

রাষ্ট্রপ্রধান পদ থেকে পদত্যাগকারী মো. সাহাবুদ্দিনের বিচার দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি থাকাকালে সংবিধানবিরোধী কার্যক্রম করেছিলেন কি না, সেটি দেখতে হবে। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘যদি তেমন কোনো কাজে জড়িত না থাকেন, তাহলে আমরা কেন তার গ্রেপ্তারের দাবি জানাব?’ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর জাপায় ভাঙনের প্রভাব সম্পর্কে তিনি বলেন, যারা দল ভেঙেছিলেন, তাদের অধিকাংশই জি এম কাদেরের নেতৃত্বে ফিরে এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত