রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের এসআই ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা। গ্রেপ্তারকৃতরা হলেন শরিফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, ইমন ও জুয়েল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে এসআইকে ছুরিকাঘাতের পেছনের কারণ এখনো জানা যায়নি। এর আগে, গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।