আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছেন, খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের আরবি ভাষার অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট।
সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক। ট্রাম্পের চলতি মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় নেতানিয়াহুই সবচেয়ে বেশি বার তার সাথে সাক্ষাৎ করলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে আন্তর্জাতিক আদালতের এই পরোয়ানাকে তোয়াক্কা না করেই তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের দাবি জানিয়েছেন।