হিলিতে ৫ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৩টি হোটেল ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটের বিভিন্ন দোকান ও হিলি বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এসময় অভিযানের খবর পেয়ে অনেক দোকান বন্ধ করে পালিয়ে যায় দোকানীরা। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ হিলি বাজারে ও স্থলবন্দরের চেকপোস্ট এলাকায়, খাবার হোটেল ও কসমেটিকসের দোকানে অভিযান চালানো হয়। এসময় সরকার কর্তৃক নিষিদ্ধ পণ্য রেড বুল নামের ড্রিংকস দুটি দোকানে পাওয়া যায়। এই অভিযোগে ওই দুই দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে নিষিদ্ধ ড্রিংকসগুলো জব্দ করে তা ধ্বংস করা হয়। সেই সাথে ভবিষ্যতে আর এসব বিক্রি করবেনা মর্মে সতর্ক করা হয়। এছাড়া ৩টি খাবারের হোটেলে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

সেই সাথে ক্রেতাদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা পণ্য ক্রয় করে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এই নাম্বারে অভিযোগ করুন আমরা আপনাদের পাশে আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত