কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারের নামে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া চার্জশিটভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী হেফাজতের নেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরাম হত্যাকা-ের সময় মিফতাহ উদ্দিন আহমেদ র্যাব-৭-এর অধিনায়ক ছিলেন এবং সেনাবাহিনীতে তখন তার পদ মর্যাদা ছিল লে. কর্নেল।
গত রবিবার একরামুল হককে ‘ক্রসফায়ারের’ নামে মানবতাবিরোধী অপরাধে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। আদালত এ অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য পলাতক আসামিদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তদন্ত কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে।পৃষ্ঠা ৯ কলাম ৫ >
