বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিমান বাহিনী কর্তৃপক্ষের বরাত দিয়ে উল্লেখ করেন তিনি।
জুলকারনাইন সায়ের খান আরও জানান, গত ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে।
তাঁর দাবি, ঘটনার সময় সাইফুর রহমান স্কোয়াড্রন লিডার পদে থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতাও।
২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালককে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে বিএনপি অভিযোগ করে আসছে, তৎকালীন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশে তাঁকে গুম করা হয়।
ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ নির্মাণবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও সোচ্চার সমালোচক ছিলেন। ২০০৯ সালে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব নিয়ে সিলেট অঞ্চলে যে আন্দোলন গড়ে ওঠে, সেখানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
