লোকসভায় রাহুলের মন্তব্যে উত্তেজনা, প্রমাণ চাইল বিজেপি

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

ভারতের লোকসভায় অ্যান্টি পেপার লিক বিলের সংশোধনী নিয়ে বুধবার (২৯ জুলাই) উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধির এক মন্তব্যকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। খবর ইন্ডিয়া টুডের।

লোকসভায় বক্তব্যে রাহুল গান্ধি অভিযোগ করেন, দিল্লির জন্তরমন্তরে ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। এ জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন।

রাহুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। বলপ্রয়োগের অনুমোদন কেবল স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীই দিতে পারেন।

তার এ বক্তব্যের পর ট্রেজারি বেঞ্চের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। পার্লামেন্টারি অ্যাফেয়ার্সমন্ত্রী কিরেণ রিজিজু রাহুলের কাছে অভিযোগের পক্ষে প্রমাণ চান। বিজেপি ও এনডিএর সংসদ সদস্যরাও অভিযোগটিকে ভিত্তিহীন বলে দাবি করেন। এ সময় লোকসভায় স্লোগান ও হট্টগোল শুরু হয়।

স্পিকার ওম বিড়লা বলেন, প্রমাণ ছাড়া সংসদে এ ধরনের অভিযোগ তোলা উচিত নয়।

এদিকে বক্তব্যের একপর্যায়ে রাহুল গান্ধি এক শিক্ষার্থীর অভিজ্ঞতা তুলে ধরেন। ওই শিক্ষার্থীর ভাষ্য উদ্ধৃত করতে গিয়ে তিনি কয়েকবার ‘ইডিয়ট’ শব্দ ব্যবহার করেন। এ নিয়েও লোকসভায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। কিরেণ রিজিজু শব্দটিকে ‘অসংসদীয়’ বলে আপত্তি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত