আমানত বীমা প্রিমিয়াম নির্ধারণে ব্যাংকগুলোর কাছ থেকে গ্রাহকদের আমানতের শ্রেণিভিত্তিক তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী আমানত বীমা সুরক্ষার সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করায় এ তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা বিভাগ।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে আমানত বীমা প্রিমিয়াম নির্ধারণী তথ্যাবলীর সঙ্গে গ্রাহকদের আমানতের বিন্যাস (কাস্টমার ডিপোজিট কম্পোজিশন) সংক্রান্ত তথ্যও বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে গ্রাহকদের আমানত পাঁচটি শ্রেণিতে ভাগ করে তথ্য দিতে হবে। এগুলো হলো, ২ লাখ টাকা পর্যন্ত, ২ লাখ ১ টাকা থেকে ৩ লাখ টাকা, ৩ লাখ ১ টাকা থেকে ৪ লাখ টাকা, ৪ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা এবং ৫ লাখ টাকার বেশি। প্রতিটি শ্রেণিতে আমানতকারীর সংখ্যা এবং মোট আমানতের পরিমাণ আলাদাভাবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানত বীমার নতুন সীমা কার্যকর হওয়ায় প্রিমিয়াম নির্ধারণের তথ্য কাঠামোতে এই পরিবর্তন আনা হয়েছে। তবে ১ ফেব্রুয়ারি ২০২৪ সালের পূর্ববর্তী সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
