দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

অ্যারোস্পেস বিশেষজ্ঞ পেল স্পারসো

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম

দীর্ঘদিন ধরে আমলানির্ভর নেতৃত্বের সমালোচনার মুখে থাকা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর চেয়ারম্যান পদে এবার একজন অ্যারোস্পেস বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। তিনি এর আগে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দৈনিক দেশ রূপান্তর ‘আমলার জালবন্দি মহাকাশ গবেষণা’ শিরোনামে গত ২৭ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে স্পারসোর নেতৃত্বে ধারাবাহিকভাবে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের সমালোচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, মহাকাশ গবেষণার মতো বিশেষায়িত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিজ্ঞানী বা অ্যারোস্পেস বিশেষজ্ঞের পরিবর্তে আমলাদের নেতৃত্ব প্রতিষ্ঠানের গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রতিবন্ধকতা তৈরি করেছে।

জানা গেছে, ২০০৭ সাল থেকে স্পারসোর চেয়ারম্যান পদে মূলত প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারাই দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে বেতারের খবর পাঠক থেকে কৃষি বিজ্ঞানী এমনকি সমাজবিজ্ঞানে পড়ে আসা আমলাদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। সর্বশেষ চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গত ২৯ জুলাই দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষজ্ঞ মহলে এই পরিবর্তনকে স্পারসোর নেতৃত্বে পেশাগত দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে আকস্মিক মহাকাশ গবেষণাকেন্দ্রে গিয়ে গবেষণার হালচাল দেখে হতাশা ব্যক্ত করেছিলেন বলেও জানা যায়।

স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, রিমোট সেন্সিং ও ভূ-তথ্য প্রযুক্তির গবেষণা এবং এর ব্যবহার সম্প্রসারণে দায়িত্বপ্রাপ্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, আবহাওয়া ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় মহাকাশ প্রযুক্তির প্রয়োগ নিয়ে কাজ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত