শিকলবাহা খালে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১১:৫১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ব্লকেরপাড় বিডিপি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা। পরে কাছাকাছি গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়ালে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা ও নৌ পুলিশের যৌথদল ঘটনাস্থলে গিয়ে ভাসমান বস্তাটি উদ্ধার করে। পরে বস্তাটি খোলার পর আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী অর্ধগলিত এক নারীর মরদেহ পাওয়া যায়।

তবে মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। পুলিশের ধারণা, বেশ কয়েক দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে আলামত নষ্টের উদ্দেশে খালে ফেলে দেওয়া হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত