গ্যাসের মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে এনসিপির মানববন্ধন কর্মসূচি

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম

রাজধানীব্যাপী চলমান তীব্র গ্যাস সংকট, জনদুর্ভোগ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শনিবার (১ আগস্ট) কাওরান বাজারে (হোটেল সোনারগাঁওয়ের সামনে) মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়ররার্থী আরিফুল ইসলাম আদীব, মহানগর উত্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী এবং গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত অসংখ্য ভুক্তভোগী পরিবার।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর অসংখ্য এলাকায় গ্যাসের অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার। বাসাবাড়িতে দিনের পর দিন রান্না করা যাচ্ছে না, সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকটে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং শিল্প-কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় বিদ্যমান গ্যাস ব্লকগুলোর সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দেশের জ্বালানি নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

বক্তারা প্রধানমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টার প্রতি অবিলম্বে এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষকে আর রান্নার জন্য কষ্ট করতে না হয় এবং কোনো পরিবার যেন গ্যাস সংকটের কারণে অনাহার বা চরম ভোগান্তির শিকার না হয়। একই সঙ্গে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

সমাবেশে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগণ তা মেনে নেবে না। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে জাতীয় নাগরিক পার্টি পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

আরিফুল ইসলাম আদীব আরও বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জ্বালানি বিভাগে গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই পাঁয়তারা বাস্তবায়নের চেষ্টা করা হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে পেট্রোবাংলা ভবন ঘেরাও করে কর্মকর্তাদের ভেতরে প্রবেশ বা বাইরে বের হতে দেওয়া হবে না।

ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, গ্যাস সংকটের কারণে আমাদের বোনেরা রান্না করতে পারছেন না। এর প্রতিবাদ হিসেবে তারা খালি বাসন ও পাতিল নিয়ে আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এসব খালি বাসন-পাতিল নিয়েই আমরা পেট্রোবাংলা অভিমুখে মার্চ করছি। দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জ্বালানি উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের পদত্যাগে বাধ্য করা হবে।

এনসিপির ওপর বিএনপির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ ছাত্রদলের সন্ত্রাসীদের সামনে হাতে চুড়ি পরে থাকে। আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে মিলে বিরোধী দলের ওপর হামলা চালাত, এখন পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের সন্ত্রাসীরা ধারাবাহিকভাবে হামলা করছে। হামলা করে তারা জনবান্ধব কর্মসূচি থেকে এনসিপিকে দূরে রাখতে চায়। কিন্তু এনসিপি সব সময় জনগণের স্বার্থে, জনবান্ধব প্রতিটি ইস্যুতে রাজপথে ছিল, আছে এবং থাকবে।

কর্মসূচি শেষে জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। সমাবেশ সঞ্চালনা করেন এনসিপি- ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত