বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কোচের ধাক্কায় শাহজাহান মিয়া (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার হাওয়াখানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মিয়া উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির কোচ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক কোচটিকে আটকানো সম্ভব হয়নি।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মরদেহটি শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী বলেন, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস শাহজাহান মিয়াকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
