ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর সোমবার (৩ আগস্ট) এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে মতিউর রহমান নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এরপর মতিউরের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। তবে দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলে আদালত আবেদন নাকচ করেন।

এর আগে গত ৫ জুলাই দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের আবেদন করে শুনানি করা হয়। আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য ২১ জুলাই দিন ধার্য করেছিলেন। পরে তা পিছিয়ে সোমবার আদেশ দেওয়া হয়।

দুদক ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি করে। এতে মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র অনুমোদন করে। অভিযোগপত্রে বলা হয়, মতিউর রহমান সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের ১৪ জানুয়ারি ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

২০২৪ সালের কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দামের একটি ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সূত্র ধরে মতিউর রহমানের পরিবারের নাম সামনে আসে। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত