রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

রাজধানীর তেজগাঁও রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও স্টেশনের পাশে রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে পথচারী ইসরাফিল পলাশ ও মো. ইয়াসিন বলেন, বিকেলে ওই ব্যক্তি তেজগাঁও স্টেশনের পাশে রেললাইন দিয়ে ধূমপান করতে করতে যাচ্ছিলেন। এসময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন।

দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানি না। তার পড়নে ছিল চেক লুঙ্গি ও প্রিন্টের ফুল হাতা শার্ট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত