লিউতোভার অলৌকিক স্বপ্নের যাত্রা

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৪ এএম

খেলাধুলার সংবাদে ‘অলৌকিক’ শব্দটির ব্যবহার খুবই বিরল। তবে ২ আগস্ট, ২০২৬মেম্ফিস ক্লাসিকের টেনিস কোর্টে ১৬ বছরের ক্রিস্টিনা লিউতোভা যা করে দেখালেন, তাকে অলৌকিক বললেও বোধহয় কম বলা হবে!

বিশ্ব র‌্যাংকিংয়ে ২২৯ নম্বরে থাকা এই কিশোরী কোয়ালিফায়িং রাউন্ড পার করে মূল পর্বে সুযোগ পেয়েছিলেন। কিন্তু মূল প্রতিযোগিতায় নিজের প্রথম ডব্লিউটিএ ট্যুরে অভিষেকেই টেনিস বিশ্বের বড় বড় তারকাদের একে একে পরাস্ত করে ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি।

মেম্ফিসের এই একটি জয়েই টেনিসের ইতিহাস নতুন করে লিখেছেন ২০১০ সালে জন্ম নেওয়া এই রুশ বিস্ময় বালিকা। ২০১০-এর দশকে জন্ম নেওয়া পৃথিবীর প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ফাইনাল খেলা এবং শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়লেন লিউতোভা। ২০১৯ সালে কোকো গফের ইতিহাস গড়ার পর তিনিই বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ সিঙ্গেলস ট্রফি নিজের নামে করলেন। ডব্লিউটিএর দীর্ঘ ইতিহাসে মাত্র দশম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

মেম্ফিস ২৫০ ইভেন্টে লিউতোভার এই পথচলা ছিল একেবারে সিনেমার গল্পের মতো। প্রথম রাউন্ডেই তিনি অঘটন ঘটিয়ে বিদায় করে দেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই একাতেরিনা আলেকজান্দ্রোভাকে। এরপর কোয়ার্টার ফাইনালে ক্যাটি ম্যাকনালি এবং সেমিফাইনালে এলভিনা কালিয়েভাকে উড়িয়ে দিয়ে সোজা ফাইনালে পা রাখেন।

ফাইনালের শুরুটা অবশ্য সহজ ছিল না। চেক প্রজাতন্ত্রের দারজা ভিদমানোভার বিরুদ্ধে প্রথম সেটে ১-৬ ব্যবধানে পিছিয়ে পড়েন লিউতোভা। সবাই যখন ধরে নিয়েছিল অভিজ্ঞতার কাছে বুঝি কিশোরী হার মানতে যাচ্ছে, তখনই ঘুরে দাঁড়ায় তার অদম্য লড়াই। পরের দুই সেটে ৬-১, ৬-৩ ব্যবধানে প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে মেম্ফিসের নতুন রানি হন ক্রিস্টিনা। এই অবিশ্বাস্য জয়ের সুবাদে র‌্যাংকিংয়ে এক লাফে ১০৩ ধাপ এগিয়ে তিনি এখন বিশ্ব টেনিসের ১২৬ নম্বরে উঠে এসেছেন!

২০১০ সালে মস্কোতে জন্ম নেওয়া লিউতোভা মাত্র ১০ বছর বয়সে (২০২০ সালে) পরিবারসহ ওয়াশিংটনের রেডমন্ডে চলে আসেন। সেখানকার বিখ্যাত ‘গোরিন টেনিস একাডেমি’-তেই গড়ে ওঠে তার পেশাদার টেনিসের শক্ত ভিত্তি। বর্তমানে আমেরিকার গ্রিন কার্ডধারী এই তরুণী ইতিমধ্যেই জানিয়েছেন, খুব দ্রুতই আন্তর্জাতিক মঞ্চে অফিশিয়ালি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

২০২৬ সালের শুরুতে যার বিশ্ব র‌্যাংকিং ছিল ৭১৪, বছরের মাঝপথে এসে মেম্ফিস জয়ের আগেই তিনি জিতে নেন তিনটি আইটিএফ শিরোপা লাস ভেগাস, ইন্ডিয়ান হারবার বিচ ও সামটার। মেম্ফিসের ট্রফি উঁচিয়ে ধরে আবেগঘন কণ্ঠে লিউতোভা বলেন, ‘এটি আমার কাছে একটি অলৌকিক স্বপ্নের মতো যাত্রা।’০

×
সর্বশেষ সর্বাধিক পঠিত