ডুলির কোচিং স্টাফে তিন বিদেশি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির কোচিং স্টাফ আরও শক্তিশালী করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে তার সঙ্গে কাজ করতে তিন বিদেশি কোচকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন একজন গোলকিপিং কোচ ও দুজন সহকারী কোচ।

গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব নিতে বাংলাদেশে আসছেন জার্মানির ক্রিস্তিয়ান বারবুচাক। ৪৯ বছর বয়সী এ কোচ খেলোয়াড়ি জীবনে জার্মানি ও সেøাভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। ২০০৩ সালে কোচিং ক্যারিয়ার শুরু করা বারবুচাক আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০১১-১২ মৌসুমে তিনি কাজাখস্তান জাতীয় দলের গোলকিপিং কোচ ছিলেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার শীর্ষ লিগের ক্লাব পার্থ এফসিতে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ দলে তিনি গোলরক্ষক মিতুল মারমা, শ্রাবণসহ অন্যদের নিয়ে কাজ করবেন।

ডুলির সহকারী হিসেবে যোগ দিচ্ছেন ভিয়েতনামের এনগুয়েন হোয়াঙ ল্যান। এএফসির ‘সি’ লাইসেন্সধারী এ কোচ গায়ানা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ভিয়েতনামের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্যাচ নিন এফসির কোচিং স্টাফে ছিলেন।

আরেক সহকারী কোচ হিসেবে থাকছেন জার্মানির রেনার্ড কার্ল স্টাম্ফ। ৬৪ বছর বয়সী সাবেক এ সেন্টার-ব্যাক ইউয়েফা প্রফেশনাল লাইসেন্সধারী কোচ। সৌদি আরবের আল শাবাব ও আল ইত্তিফাকের মতো ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খেলোয়াড়ি জীবনে গালাতাসারাই ও এফসি কোলনের মতো ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

বাফুফে সূত্রে জানা গেছে, বিদেশি তিন কোচের পাশাপাশি দেশের ভেতর থেকেও আরও দুজন সহকারী কোচকে কোচিং স্টাফে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন ডুলি। সাফ চ্যাম্পিয়নশিপের আগে পূর্ণাঙ্গ ও অভিজ্ঞ কোচিং দল গড়ে তুলতেই এ উদ্যোগ নিয়েছে বাফুফে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত