১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

পাবে ৫৫ লাখ কার্ডধারী

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:১৫ এএম

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করেছে সরকার। উপকারভোগীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী পরিবার সুবিধা পাবেন। গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, দুই ধাপে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করবে খাদ্য অধিদপ্তর। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম ধাপ চলবে আগামী নভেম্বর পর্যন্ত। পরের ধাপে মার্চ ও এপ্রিলে আবার বিতরণ করা হবে। সব মিলে ৬ মাস চলবে এই বিতরণ কার্যক্রম।

জানা গেছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মহীনকালীন সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত এই কর্মসূচি পরিচালনা করে সরকার। কর্মসূচিতে ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে চাল বিতরণ শুরু সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের (দোকান/ট্রাক) মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় সারা দেশে নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশের খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক। পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুদ রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। গত দুই আগস্ট পর্যন্ত খাদ্য মজুদের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। যেখানে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ টন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত