সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

মুহুর্তেই ভস্মিভূত এ্যাম্বুলেন্স, কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় সেটি সম্পূর্ণ পুড়ে গেছে।সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা ক্ষতিগ্রস্থ স্পট পরিদর্শন করেন তবে ঘটনা সম্পর্কে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান  জানান, গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং পাশেই সংরক্ষিত অক্সিজেন সিলিন্ডারের কারণে পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে একটি অ্যাম্বুলেন্স, ভেতরের সরঞ্জাম এবং গ্যারেজের আংশিক ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত