চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেওচিয়া আদর্শ স্কুল এলাকায় ঈগল মিনি বাসের ওভারটেকিংয়ের সময় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ২'টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আয়েশা সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা ও হাফেজ আহমদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নূর আয়েশা পরিবারের সদস্যদের সঙ্গে তার মেয়ের শ্বশুর বাড়ি ঢেমশা এলাকায় সিএনজি অটোরিকশাযোগে যাচ্ছিলেন। পথে কেওচিয়া আদর্শ স্কুল এলাকায় পৌঁছালে অপর একটি ঈগল বাস ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং নূর আয়েশা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
