বিএনপির নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তাঁর ‘কমন সেন্স’ বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।
আজ বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তাঁর পরিবার সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ অন্যতম রাজনৈতিক দল ছিল। তিনি বলেন, শেখ হাসিনার বয়সও হয়েছে। দেশে ফিরে না এলে তাঁর দল ও দীর্ঘ রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কী হবে-এসব বিবেচনায় তাঁর ধারণা, শেখ হাসিনা দেশে ফিরবেন।
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে রুমিন ফারহানা বলেন, এখন সবার হাতেই বিভিন্ন মাধ্যমে তথ্য পৌঁছানোর সুযোগ রয়েছে। কেউ চাইলে যেকোনো বক্তব্য শুনতে পারেন। তাই এভাবে কোনো বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও প্রচার নিষিদ্ধ ছিল। সেটি যদি গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে বর্তমান পরিস্থিতিও একই প্রশ্নের জন্ম দেয়।
ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনের ওপর নিয়ন্ত্রণের ঘাটতির ইঙ্গিত দেয়। তাঁর মতে, এসব ঘটনা দেশের রাজনীতি আবারও পুরোনো ধারায় ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করে।
