‘জুলাই কার?’-এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সবার। তিনি বলেন, ‘জুলাই চেতনার ওপর নির্ভর করে যারা রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না।’
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে কমিশন গঠন করা হয়েছে। আলোচনা করতে সকল রাজনৈতিক দলকে আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, ‘জুলাই এক দিনে হয়নি। যারা জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এ সরকার।’
এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক ফ্যাসিবাদের বিরুদ্ধে এক। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। আইন সংশোধন করা হয়েছে। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত চলছে।’
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন প্রসঙ্গে তিনি জানান, যারা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে এবং আহতদের শ্রেণিভিত্তিক তালিকা করে সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি তাদের দ্রুত অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
