উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে গন্তব্য হিসেবে বেছে নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সামনে আন্তর্জাতিক মানের শিক্ষা, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং শিক্ষা-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর লেকশোর হোটেলে দিনব্যাপী এই এক্সপোর আয়োজন করে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিস-এইএস স্টাডি অ্যাব্রোড।
সকালে এক্সপোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শুভাশীষ চাকমা। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনিস্টিউট। এর মধ্যে ছিল মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককুয়ারী ইউনিভার্সিটি, এডিলেইড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ডেকিন ইউনিভার্সিটিসহ অস্ট্রেলিয়ার প্রায় ৩০টি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ভর্তি, কোর্স নির্বাচন, গবেষণার সুযোগ, স্কলারশিপ, টিউশন ফি, স্টুডেন্ট ভিসা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিস্তারিত তথ্য ও পরামর্শ দেন।
অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিসের প্রধান নির্বাহী শুভাশীষ চাকমা বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক শিক্ষা ব্যবস্থা, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের সম্ভাবনার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই আগ্রহকে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বাস্তবে রূপ দিতে এবং শিক্ষার্থীদের নির্ভুল তথ্য পৌঁছে দিতেই এই এক্সপোর আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ নিজ একাডেমিক যোগ্যতা অনুযায়ী উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন, ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ইংরেজি ভাষার দক্ষতার শর্ত, স্কলারশিপের সুযোগ, আর্থিক পরিকল্পনা, ভিসা আবেদন, অস্ট্রেলিয়ায় খণ্ডকালীন চাকরির সুযোগ এবং শিক্ষা-পরবর্তী ক্যারিয়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণ করেন। এতে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন ও সংশয়ের বাস্তবসম্মত সমাধান পাওয়া যায় বলে জানান অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, পরবর্তীতেও আগ্রহী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিস-এইএস স্টাডি এব্রোডের কলাবাগান ও বনানী অফিস থেকে বিনামূল্যে কাউন্সেলিং, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সংক্রান্ত পরামর্শ এবং ভিসা প্রসেসিংসহ উচ্চশিক্ষার প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ ও সহযোগীতা নিতে পারবেন।
