১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে, জনাব তারেক রহমান: সারজিস আলম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘১ দফার ঘোষক’ মন্তব্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (০৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন সারজিস। 

সর্বশেষ পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’। তবে এ পোস্টে তিনি এর কোনো ব্যাখ্যা দেননি। 

ওই পোস্টে সারজিস লেখেন, ‘চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখিয়েছে। সেখানে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের এক দফা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামচিহ্ন পর্যন্ত নেই।’

তিনি বলেন, ‘প্রামাণ্যচিত্রটি দেখলে মনে হতে পারে, জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি; বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে। ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে বলে মনে হচ্ছে।’

বিএনপির সমালোচনা করে সারজিস আরও লেখেন, ‘এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, ডিয়ার বিএনপি? শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা।’

প্রসঙ্গত, বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ওই প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তির অনুপস্থিতির অভিযোগ তুলে অনুষ্ঠানে হট্টগোলের ঘটনাও ঘটে। এর পরই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত