কালিয়াকৈরে পঁচিশ লাখ টাকার নকল সিগারেট জব্দ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে বিভিন্ন নামী ব্র্যান্ডের আদলে তৈরি বিপুল পরিমাণ নকল সিগারেট বাজারজাত করণের অভিযোগ পাওয়া গেছে। 

অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার নকল সিগারেট জব্দসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে গ্ৰেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গাড়বিয়া বাজার এলাকার কার্তিক হাওলাদারের ছেলে কিশোর হাওলাদার (২২) ও একই জেলার মুলাদী উপজেলার চর লক্ষীপুর এলাকার মৃত আনিছ হাওলাদারের ছেলে ইলিয়াস হোসেন বাবু (২৯)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর ও বাবুসহ একটি চক্র গাজীপুর মহানগর ও ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বসবাস করে নকল সিগারেট তৈরি করেন। পরে তারা বিভিন্ন ব্র্যান্ডের আদলে নকল সিগারেট বাজারজাত করণ করে আসছেন। 

সোমবার রাতে বিপুল পরিমাণ নকল সিগারেট একটি কাভার্ডভ্যান যোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে কালিয়াকৈর উপজেলার  মৌচাক বাসস্ট্যান্ডে অভিযান চালায় মৌচাক ফাঁড়ি পুলিশ। ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-২৩-১৫৮৭) আটক করে। পরে ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কার্টনে POPULAR ও DESH BLACK ব্র্যান্ডের নামে পাঁচ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। 

এসব সিগারেটের চালান ও কাস্টমস সংক্রান্ত কাগজপত্র দেখতে বললে গাড়িতে থাকা কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় ওই কাভার্ডভ্যানে থাকা দুইজনকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া সিগারেটগুলো নকল এবং সেগুলোতে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। জব্দ করা এসব নকল সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জাল রাজস্ব স্ট্যাম্পযুক্ত নকল সিগারেট বাজারজাত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব নকল সিগারেটের তথ্য উদঘাটনের জন্য মঙ্গলবার পুলিশ হেফাজতে রেখে তথ্য সংরক্ষণ করা হয়েছে। তবে বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুজনকে গাজীপুরে জেল হাজতে প্রেরণ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত