৩ বিদেশি কোচে বদলে যাচ্ছে দেশের হকি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:২৩ এএম

বাংলাদেশের হকিতে পরিবর্তনের সূচনা হয়েছে। ইতিমধ্যে জাতীয় পুরুষ ও নারী দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে। অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপ হকিতে কোয়ালিফাই করেছে। তাই লাল-সবুজের হকিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে জাতীয় পুরুষ, জুনিয়র পুরুষ ও নারী এই তিন স্তরেই তিনজন বিদেশি কোচ নিয়োগের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার সূচনা করেছে তারা। লক্ষ্য একটাই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বাংলাদেশ দল গড়ে তোলা।

এই পরিকল্পনার অংশ হিসেবে জার্মানির অভিজ্ঞ কোচ পিটার গেরহার্ড আবারও জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। এর আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা থাকায় এখানকার খেলোয়াড়, পরিবেশ ও চ্যালেঞ্জ সম্পর্কে তার পরিষ্কার ধারণা রয়েছে। নতুন মেয়াদে তিনি খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, ম্যাচ কৌশল এবং মানসিক দৃঢ়তা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার প্রত্যাবর্তনে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

ভবিষ্যতের খেলোয়াড় গড়ে তুলতেও সমান গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। অনূর্ধ্ব-২০ পুরুষ দলের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার কোচ জাইলস বনেটকে। আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি তরুণ খেলোয়াড়দের আরও পরিণত করে তোলার কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

নারী হকির উন্নয়নেও নেওয়া হয়েছে আলাদা উদ্যোগ। হংকং থেকে আসা কোচ আরিফ আলী জাতীয় নারী দলের দায়িত্ব পেয়েছেন। তার অধীনে নারী খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতির সুযোগ পাবেন, যা বাংলাদেশের নারী হকির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

একই সময়ে তিনটি গুরুত্বপূর্ণ দলে বিদেশি কোচ নিয়োগ করে বাংলাদেশ হকি ফেডারেশন স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু স্বল্পমেয়াদি সাফল্য নয়, বরং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। এখন এই উদ্যোগের প্রকৃত মূল্যায়ন হবে আন্তর্জাতিক টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে। সফল বাস্তবায়ন হলে বাংলাদেশের হকিতে নতুন যুগের সূচনা হতে পারে।

ডিসেম্বরে ঢাকায় ৫ জাতির টুর্নামেন্ট : বাংলাদেশে আবারও আন্তর্জাতিক হকির বড় আসর আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের শুরুতেই ঢাকায় অনুষ্ঠিত হতে পারে পাঁচ জাতির একটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট। বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন শেষে এমন আশাবাদের কথা জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। সফরকালে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আলোচনায় দেশের হকির উন্নয়ন, নিয়মিত ঘরোয়া লিগ আয়োজন, অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়। ইশতিয়াক সাদেক বলেন, ‘দেশের হকিকে এগিয়ে নিতে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর সক্রিয় ভূমিকা অপরিহার্য।’ তিনি জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য ক্লাবেও গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

পাঁচ জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে ইশতিয়াক সাদেক বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সম্প্রতি ওমানে আমাদের ফেডারেশন সভাপতি আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, ইনশাআল্লাহ ডিসেম্বরের শুরুতেই ঢাকায় পাঁচ জাতির একটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। শিগগিরই এ নিয়ে আরও সুখবর পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের পর বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খেলা হকি। সঠিক পরিকল্পনা, উন্নত অবকাঠামো এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ হকি আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।’ অন্যদিকে, মোহামেডান স্পোর্টিং ক্লাবও দেশের হকির উন্নয়নে বাংলাদেশ হকি ফেডারেশনের সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত