তুরস্কের জায়ান্ট বেসিকতাসের কাছাকাছি পৌঁছে ছিলেন মোহামেদ সালাহ। তবে আর্থিক কাঠামো ও ইমেজ-রাইটস নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় সেই আলোচনা ব্যর্থ হয়। সেটি জানতে পেরে আরেক তুর্কি ক্লাব ট্র্যাবজনস্পোরে মাঠে নামে সালাহকে নিতে। শেষ পর্যন্ত তারাই মিসরীয় উইঙ্গারকে দলভুক্ত করতে পেরেছে। গতকাল বুধবার মিসরের হয়ে সাম্প্রতিক বিশ্বকাপে খেলা সালাহ চুক্তি করতে তুরস্কে পৌঁছেছেন।
ইস্তানবুুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় শত শত সমর্থক সালাহকে এক নজর দেখতে ও অভ্যর্থনা জানাতে ভিড় জমান। ট্র্যাবজনস্পোরের ঐতিহ্যবাহী মেরুন ও নীল রঙের জার্সি পরে বিমান থেকে নামেন সালাহ। ভক্তদের উদ্দেশে হাত নাড়ানোর পাশাপাশি সমর্থকদের প্রথাগত সেøাগানেও মাতেন তিনি।
এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওবার্তায় ক্লাবের জার্সিতে সালাহ সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ট্র্যাবজনস্পোর সমর্থকরা, তোমরা কি তৈরি? আমি তোমাদের শুনতে পাচ্ছি। খুব শিগগির দেখা হচ্ছে।’ এরপর তুর্কি ভাষায় ক্লাবটির বহুল পরিচিত সেøাগান উচ্চারণ করে তিনি যোগ করেন, ‘বিজ হের ইয়ের ট্র্যাবজন’ (আমাদের কাছে সব জায়গাই ট্র্যাবজন)।
৯ বছর লিভারপুলে খেলে ৪৪২ ম্যাচে ২৪৭ গোল করেছেন মোহামেদ সালাহ। দুবার দলটিকে লিগ শিরোপা জয়ে অবদান রেখেছেন। একবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ২০২৪-২৫ মৌসুমে ২৯ গোল ও ১৮টি অ্যাসিস্টের মাধ্যমে প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৪৭ গোল করা অবদানের রেকর্ড গড়েছিলেন। একই মৌসুমে প্লেয়ার অব দ্য সিজন, গোল্ডেন বুট ও প্লেমেকার অ্যাওয়ার্ড তিনটিই যৌথভাবে জিতেছিলেন।
